নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মিছিল-সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেই উদ্যোগ ব্যর্থ করে দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দিনের অবশিষ্ট সময়েও তারা কোথাও সংগঠিতভাবে কর্মসূচি পালন করতে পারবে না।
বিজ্ঞাপন
তিনি জানান, আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও জমায়েতের পাশাপাশি বাইরে থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার পরিকল্পনার তথ্যও পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, গত তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশমুখ ও সীমান্তসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট, মোবাইল টহল ও সাদাপোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়।
তিনি আরও জানান, ঢাকায় প্রবেশের সম্ভাব্য সব রুট, বাস ও রেলস্টেশন এবং বিভিন্ন আবাসিক মেস ও হোটেলে নজরদারি চালানো হয়েছে। এ সময় কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করে পুলিশের ধারণা হয়েছে, মিছিল বা সমাবেশের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা ছিল।
বিজ্ঞাপন
নাশকতার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিনি বলেন, মিছিল চলাকালে বিস্ফোরক জাতীয় বস্তু ব্যবহারের ঘটনা থেকে ধারণা করা যায়, সুযোগ পেলে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। যদিও এ ধরনের পরিকল্পনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো পাওয়া যায়নি।








