Logo

চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন, ২০২৬, ১৮:৪১
চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন চারটি বন্যপ্রাণী সংযোজন করা হয়েছে। প্রাণী বৈচিত্র্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ তৈরি করতে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি কমন ইল্যান্ড ও দুটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট আনা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আনুষ্ঠানিকভাবে প্রাণীগুলো অবমুক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই একটি অংশ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নতুন এ প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনি দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরও সমৃদ্ধ হবে।

প্রতিমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করে চিড়িয়াখানাকে অধিক আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, পরিচালক (উৎপাদন) ডা. মো. মাহফুজার রহমান, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম, কিউরেটর ডা: মো. হাবিবুর রহমান-সহ চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কমন ইল্যান্ড আফ্রিকার বৃহত্তম প্রজাতির অ্যান্টিলোপগুলোর মধ্যে অন্যতম এবং ওয়াইল্ডিবিস্ট আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী অত্যন্ত পরিচিত ও আকর্ষণীয় বন্যপ্রাণী। এসব প্রাণীর সংযোজন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণী সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টি করবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD