প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে ঢাকা ত্যাগ করবেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরে অংশ নিতে মঙ্গলবার রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেবেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের সরকারি সফরে অংশ নিতে তথ্যমন্ত্রী রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নির্ধারিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।
সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের শীর্ষ নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিতব্য একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিজ্ঞাপন
সরকারি সূত্রে জানা গেছে, এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি এবং যোগাযোগ খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ। দুই দেশের রাষ্ট্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এসব খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের আন্তর্জাতিক সম্প্রচার প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বাংলাদেশের সহযোগিতা জোরদারে একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। এসব সমঝোতা স্মারকের মাধ্যমে সংবাদ আদান-প্রদান, গণমাধ্যম উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিজ্ঞাপন
চীনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীল কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। ফলে গণমাধ্যম ও তথ্য খাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর এ রাষ্ট্রীয় সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে বেইজিংয়ে অবস্থান করছেন সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
কূটনৈতিক মহলের মতে, এই সফরের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রও আরও শক্তিশালী হতে পারে।
সফর শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে। সফরকালীন সময়ে তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।








