Logo

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৩:১১
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বৈঠক
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আলোচনায় বাংলাদেশ ও ফিলিস্তিনের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এ সময় তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও আবারও তুলে ধরেন।

অন্যদিকে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান ফিলিস্তিনের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করার আগ্রহের কথাও জানান।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বিশেষ করে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এসব খাতে যৌথ উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করবে।

বৈঠকের শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত সংলাপ অব্যাহত রাখা এবং ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ফিলিস্তিনের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও অর্থবহ হবে বলেও আশাবাদ প্রকাশ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD