অক্টোবরে থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান

আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডা. জাহেদ উর রহমান বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে একটি প্রাথমিক রোডম্যাপ তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
বিজ্ঞাপন
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার সুবিধার্থে দেশকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে—হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল। এর মধ্যে হাওর ও উত্তর-পূর্বাঞ্চলে ইউপি নির্বাচন দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হতে পারে।
তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, তা নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা ছিল। প্রশাসক নিয়োগ দেওয়ায় অনেকেই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সরকার শুরু থেকেই জানিয়ে এসেছে, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন হয় এবং আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে সাধারণত শুষ্ক ও শীতকালীন মৌসুমে বেশি সংখ্যক নির্বাচন অনুষ্ঠিত করার চেষ্টা করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অক্টোবর থেকে নির্বাচন কার্যক্রম শুরু হলে তা শেষ হতে ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে। অর্থাৎ এখন থেকে নয়, নির্বাচন শুরুর পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যে ধাপে ধাপে ভোট সম্পন্ন হবে। সে হিসেবে এ বছরের অক্টোবরে নির্বাচন শুরু হলে ২০২৭ সালের অক্টোবর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।








