জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল সংলগ্ন এলাকায় বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) প্রবল বর্ষণে বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণে এসব এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মীদের জলাবদ্ধতা দ্রুত দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় প্রশাসক জমে থাকা পানির মধ্যে হেঁটে ড্রেন ও পানি নিষ্কাশনের নালাগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় দোকানদারদের ড্রেন ও সড়কে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান, যাতে পানি চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে তিনি মিরপুর-১২ এলাকার ৬ নম্বর কাঁচাবাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। বাজারে অপরিচ্ছন্ন পরিবেশ ও যেখানে-সেখানে ফেলে রাখা বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
তাৎক্ষণিকভাবে বাজারের দোকানদার, বাজার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদের ডেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।








