প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে শিশুদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। একই উদ্যোগের আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছটি স্কুলে, বাড়ির আঙিনায় কিংবা যেখানেই উপযুক্ত স্থান পাওয়া যায়, সেখানে রোপণ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছ সম্পর্কে জানতে হবে। গাছটির আয়ুষ্কাল, অক্সিজেন উৎপাদনের সক্ষমতা এবং মানুষের জন্য এর উপকারিতা সম্পর্কে ইন্টারনেট বা অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে জানার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এতে প্রতি বছর নতুন একটি গাছ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তারেক রহমান বলেন, সময়ের সঙ্গে গাছ বড় হলে তা ছায়া দেবে, পরিবেশ শীতল রাখবে এবং নির্মল বাতাস উপহার দেবে। স্কুলে লাগানো গাছের নিচে শিক্ষার্থীরা খেলাধুলার পর বিশ্রাম নিতে পারবে, আর বাড়ির আশপাশে লাগানো গাছ পরিবেশকে আরও মনোরম করে তুলবে।
দিনটিকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে একযোগে বিপুলসংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








