Logo

রোগীর বিদেশমুখী চিকিৎসা কমানোর ব্যবস্থা করতে হবে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই, ২০২৬, ১৮:৫৩
রোগীর বিদেশমুখী চিকিৎসা কমানোর ব্যবস্থা করতে হবে: রিজভী
ছবি: সংগৃহীত

দেশের মানুষ যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হন, সেই লক্ষ্যেই স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিদেশমুখী না হন।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে দেশের বিপুলসংখ্যক মানুষ উন্নত চিকিৎসার আশায় বিদেশে যাচ্ছেন। অথচ একসময় এমন পরিস্থিতি ছিল না। তিনি উল্লেখ করেন, ষাটের দশকে ভারত থেকেও চিকিৎসকরা রাজশাহীতে এসে চিকিৎসাসেবা দিতেন। সেই অতীতের সক্ষমতা স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, চিকিৎসা এমন একটি বিষয়, যা মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এই খাতে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা বিভাজনের সুযোগ নেই। চিকিৎসকদের মূল্যায়ন করতে হবে তাদের দক্ষতা, যোগ্যতা ও পেশাগত মেধার ভিত্তিতে।

রিজভীর মতে, দেশের স্বাস্থ্যব্যবস্থায় যেসব সীমাবদ্ধতা ও ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত দূর করা গেলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে। তিনি বলেন, দক্ষ জনবল, আধুনিক চিকিৎসা অবকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে দেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা সমাধান এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে। দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় হৃদরোগ চিকিৎসা, আধুনিক স্বাস্থ্যসেবা এবং চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির নেতৃবৃন্দ, চিকিৎসক, বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যখাত-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD