আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’ আগামী মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে-বিদেশে ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, বিভিন্ন ধরনের প্রণোদনা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক লেনদেন সহজ করতে সরকার এই কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। ডুয়াল কারেন্সি সুবিধাসহ আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সেবাও এতে যুক্ত থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড চালুর কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড।
প্রবাসী কার্ডে যেসব সুবিধা মিলবে
বিজ্ঞাপন
সরকারের পরিকল্পনা অনুযায়ী, কার্ডধারীরা অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে— দেশে ও বিদেশে নির্ধারিত বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা; আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা; বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ মূল্যছাড়; নির্ধারিত শর্তে দেশে-বিদেশে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট পিক-অ্যান্ড-ড্রপ সুবিধা; সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়ে ছাড়; কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা; দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন ও বীমা সুবিধা; জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার; রেমিট্যান্সের ওপর রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং এবং ঋণ সুবিধা; কার্ডের মাধ্যমে সহজে অর্থ লেনদেন, পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার সেবা এবং বিভিন্ন সরকারি ও ব্যাংকিং সেবায় অগ্রাধিকার।
শাহাদাৎ স্বাধীন জানান, আগামী মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ডের উদ্বোধন করা হবে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড বিতরণ শুরু হবে।
সরকারের লক্ষ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। আর আগামী বছরের জুন মাসের মধ্যে মোট দুই লাখ প্রবাসীর কাছে কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসী যেন ধাপে ধাপে এই কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








