বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি বুধবার

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হতে যাচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
বিমান সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নিউইয়র্ক সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তি সই অনুষ্ঠান হওয়ার কথা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে এ সময় পড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমী আখতার হোসেনের চুক্তিতে সই করার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের সঙ্গে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে ২৫টিতে দাঁড়াবে। এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান।
আগের চুক্তির আওতায় রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ। এসব উড়োজাহাজের সরবরাহ ২০৩১ সাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
তবে নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, মোট মূল্য, অর্থায়নের কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
চুক্তি সই অনুষ্ঠানটি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে অনুষ্ঠিত হবে। এ সময় বাংলাদেশ ও বোয়িংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। চুক্তির পর বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থেকেও উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। অতিরিক্ত ১১টি বোয়িং যুক্ত হলে ভবিষ্যতে বিমানের পরিকল্পিত বোয়িং সংগ্রহের সংখ্যা ২৫টিতে পৌঁছাবে।








