জাতিসংঘে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বৈঠকের তথ্য জানানো হয়েছে। বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন নেতারা। পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার তারেক রহমানের নিউইয়র্ক কর্মসূচি শুরু হয়। এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া বিশ্বনেতাদের সম্মানে স্বাগত প্রাতরাশেও সস্ত্রীক অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
দিনটিতে তারেক রহমানের আরও কয়েকটি দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকের কর্মসূচি ছিল। এর মধ্যে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট আজয় বাঙ্গা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ হবে।








