যমুনায় শরিক দলগুলোর নেতাদের নৈশভোজে ডাকলেন প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মান জানাতে এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের বিভিন্ন শরিক দলের দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শুধু শরিক দলের নেতারাই নন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় জোরদারের দৃষ্টিকোণ থেকে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধারণা করা হচ্ছে, নৈশভোজের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার পরিচালনায় শরিক দলগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতা নিয়েও এ বৈঠকে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি।








