Logo

পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ২২:০৩
পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকে বিজিএমইএর নেতারা পোশাক খাতের বিভিন্ন সংকট, চ্যালেঞ্জ এবং শিল্পের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যেসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব, সেগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। দীর্ঘদিন ধরে জমে থাকা অনেক সমস্যার সমাধান সময়সাপেক্ষ হলেও যেগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব, সেগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এ খাতের বিকাশে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বাজেট প্রণয়ন থেকে শুরু করে অবকাঠামো উন্নয়নে কাজ করছে। এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে জাতীয় অর্থনীতিতে আরও গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পোশাকশিল্পের অগ্রযাত্রায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করতে প্রস্তুত।

বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD