Logo

উত্তাল দিল্লি : প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৬, ১৩:১০
উত্তাল দিল্লি : প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি
ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিভাজন না করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন জোটের সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ভারতের সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

রিজিজুর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁসকে কোনোভাবেই দলীয় রাজনীতির বিষয় হিসেবে দেখা উচিত নয়। দেশের তরুণদের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সামনে এলো। এ ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে পুনরায় পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়ে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।

বিজ্ঞাপন

সংঘর্ষের পর আহতদের দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাম মনোহর লোহিয়া হাসপাতালে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬৫টি চিকিৎসা-সংক্রান্ত মামলা নথিভুক্ত হওয়ার কথা জানা গেছে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে আন্দোলনকারী ও পুলিশ সদস্য—দুই পক্ষের লোকজনই ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অনশনে থাকা অন্তত ১০ জনকেও চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।

চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে প্রায় ৪০ জন পুলিশ সদস্য ছিলেন। বাকিরা ছিলেন আন্দোলনকারী। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহতদের মধ্যে ২০ বছর বয়সী এক তরুণী মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতিজনিত গুরুতর আঘাত পেয়েছেন। তবে তিনি ঠিক কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও অন্তত ২৪ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কারও আঘাত গুরুতর নয়।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলন ও সংঘর্ষের মধ্যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় অনিয়ম রোধ এবং তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে—এমন বার্তাই দিয়েছেন নরেন্দ্র মোদি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD