Logo

রণক্ষেত্র দিল্লি, বন্ধ করা হলো ইন্টারনেট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ১৫:১৬
রণক্ষেত্র দিল্লি, বন্ধ করা হলো ইন্টারনেট
ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে হাজারো শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভে অংশ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে সিজেপি।

সোমবার সকাল থেকেই রাজধানীর যন্তর মন্তর এলাকায় হাজার হাজার আন্দোলনকারী জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিভিন্ন স্থানে স্থাপিত পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

উত্তেজনা বাড়তে থাকলে ককরোচ জনতা পার্টি সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলটি জানায়, বিভিন্ন স্থানে আটকে দেওয়া হলেও ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। তাদের দাবি, শান্তিপূর্ণ উপায়েই লক্ষ্য অর্জন সম্ভব।

এর আগে রোববার (১৯ জুলাই) দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতের ওপর ১৪৪ ধারা জারি করে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, নির্ধারিত যন্তর মন্তর এলাকা ছাড়া রাজধানীর অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভের অনুমতি নেই। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। একই সঙ্গে নাগরিকদের আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD