ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ বিস্ফোরণ ঘটে। প্রতিষ্ঠানটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও স্থানীয় একটি খামারে অবৈধভাবে কারখানাটি পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।
বিস্ফোরণের পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন কাজ করছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সূত্র: এনডিটিভি








