দিল্লির হাতে দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, দেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দিল্লির প্রভাব রয়েছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, কে ক্ষমতায় আসবে বা যাবে—এসবের ‘রিমোট কন্ট্রোল’ দিল্লির হাতে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জেনেভা কনভেনশন, বন্দি বিনিময় আইনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দিল্লিতে প্রযুক্তিগত সুবিধাসহ অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চায়। তবে কোনো দেশ যদি বারবার বাংলাদেশের রাজনীতি, সরকার ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এটি ট্রাইব্যুনাল, আইন ও সরকারের এখতিয়ারভুক্ত বিষয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তার দাবি, দেশের মানুষ ফ্যাসিবাদী শক্তিকে কখনো মেনে নেবে না।
বিএনপির অবস্থান নিয়েও সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, বিএনপি এখন সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলছে। অথচ তাদের ঘোষিত ৩১ দফার প্রথম দফাতেই সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের অঙ্গীকার ছিল। তার অভিযোগ, এ অবস্থান পরিবর্তনের মাধ্যমে দলটি জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।
বিজ্ঞাপন
দেশের বর্তমান সংকট নিরসনে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, তা না হলে রাজপথে আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও দেশে হত্যা, নির্যাতন, শিশু ধর্ষণসহ নানা ধরনের অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো, উদ্ধার কার্যক্রম ও পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তিনি।
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, মশিউল আলমসহ কেন্দ্র ও জেলার নেতারা।
বিজ্ঞাপন
সম্মেলনের আগে জেলার রুকনদের অংশগ্রহণে একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়।








