হঠাৎ চিকেন’স নেকে অমিত শাহ, নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশ সীমান্তসংলগ্ন শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেন’স নেক’ নামে পরিচিত, সেই কৌশলগত এলাকার নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শনিবার (১৮ জুলাই) সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আয়োজিত ‘প্রহরী সম্মেলনে’ অংশ নিয়ে তিনি এ নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
চীন সীমান্তের নিকটবর্তী হওয়া এবং নেপাল ও ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোরকে অত্যন্ত কৌশলগত এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অঞ্চলটির নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন অমিত শাহ। একই অনুষ্ঠানে বিএসএফের জন্য ৭৭ কোটি রুপি ব্যয়ের একটি প্রকল্পের উদ্বোধনও করেন তিনি।
সম্মেলন শেষে অমিত শাহ উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাজগঞ্জ ব্লকের জুম্মা গছ এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি উত্তরকন্যার পাশের ডাবগ্রাম-ফুলবাড়ি সীমান্ত এলাকাও ঘুরে দেখেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সফরকালে সীমান্ত নিরাপত্তা জোরদারে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী আয়োজন করা হয়। সেখানে রেডিওভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা, গেট ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ‘নতুন ফ্রেন্ডশিপ’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উত্তরবঙ্গের মহানন্দা নদীর উন্মুক্ত অংশ দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গে নতুন ১০টি সীমান্ত চৌকি (বর্ডার আউটপোস্ট) নির্মাণের ঘোষণাও দেন তিনি।
এ সফরে অমিত শাহর সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও বিধায়করাও উপস্থিত ছিলেন।








