Logo

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, ১৩:২৬
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তার কাঁধে নতুন পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, একই দিন তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খোন্দকার মিসবাহ উল আজীমের দীর্ঘ সামরিক জীবনের অভিজ্ঞতা তাকে নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বে নিয়ে এসেছে। তিনি ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৯ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে দেশে ও বিদেশে বিভিন্ন উচ্চতর সামরিক প্রশিক্ষণ এবং পেশাগত শিক্ষা গ্রহণ করেন। এছাড়া সামুদ্রিক শাসন (Maritime Governance) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি একাডেমিক ক্ষেত্রেও নিজেকে সমৃদ্ধ করেন।

প্রায় চার দশকের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম নৌ অঞ্চল ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিন কমান্ডার, বাংলাদেশ নৌ একাডেমির কমান্ড্যান্ট, নৌ সদর দপ্তরের নৌ অভিযান পরিচালক এবং নৌ পরিকল্পনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়ক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

দীর্ঘ প্রায় ৪০ বছরের পেশাগত জীবনে দায়িত্বশীলতা, দক্ষ নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক, নৌ পারদর্শিতা পদক, জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ একাধিক রাষ্ট্রীয় ও পেশাগত সম্মাননায় ভূষিত হয়েছেন।

বিজ্ঞাপন

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খোন্দকার মিসবাহ উল আজীম দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌ সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীর আধুনিকায়নের চলমান কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD