Logo

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পরই: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, ১৩:৩৭
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পরই: ইসি
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ভাষ্য, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ঘটনা একাই এমপি পদ বাতিলের জন্য যথেষ্ট নয়। জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় চিঠি বা রেফারেন্স পাওয়ার পরই সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের সামনে এখনও জাতীয় সংসদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি আসেনি। ফলে কেবল রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। কোনো সংসদ সদস্য যদি স্বেচ্ছায় নিজের রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন, তাহলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় তার সংসদ সদস্য পদ শূন্য হতে পারে। তবে রাজনৈতিক দল কোনো সদস্যকে বহিষ্কার করলে সেই কারণে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ বাতিল হয় না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ধরনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হলে কমিশন আইনগত দিকগুলো পর্যালোচনা করবে। এরপর সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ থেকে নির্দিষ্ট নির্দেশনাসহ প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পরই কমিশন বিষয়টি নিয়ে বিচার-বিশ্লেষণ করবে। তার আগে এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বা মন্তব্য করা সমীচীন নয়।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে এবং এ ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে কোনো ধরনের দূরত্ব বা সমন্বয়হীনতা নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, চলতি বছরের অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে কমিশন। প্রথম ধাপে নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচনের সময় নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, আবহাওয়ার পরিস্থিতি, সরকারি বিভিন্ন পাবলিক পরীক্ষা, প্রশাসনিক সক্ষমতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখেই ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। যাতে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়।

নির্বাচন কমিশনের দাবি, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা শেষে যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD