চীনের বাজারে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান চীনের প্রতি বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গভর্নর এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় গভর্নর বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের জন্য চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দেশে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা বাস্তবায়নে চীনের ‘সিঙ্গেল কিউআর’ প্রযুক্তির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতাও কামনা করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৈঠকে চীনের রাষ্ট্রদূত বিদেশি বিনিয়োগ সহজতর করার বিষয়ে গুরুত্বারোপ করলে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব বেশ কয়েকটি নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগ ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ক্রমেই উন্নত হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর শিল্প এবং উৎপাদন খাতে চীনা বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব।
বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে কাউন্সেলর সং ইয়াং ও অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন অংশ নেন।








