Logo

চীনে ভয়াবহ ভূমিধস, নিহত ৮, নিখোঁজ ৩৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই, ২০২৬, ১২:০৫
চীনে ভয়াবহ ভূমিধস, নিহত ৮, নিখোঁজ ৩৪
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ চংকিংয়ের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ জন নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিট) এ ভূমিধসের ঘটনা ঘটে। পেংশুই জেলা প্রশাসনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা রেন জুজিয়াং এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভূমিধসের অল্প সময়ের মধ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেন। বর্তমানে ৮০০ কর্মী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং নিখোঁজদের সন্ধান পেতে এখনও তৎপরতা জারি আছে।

যে এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, সেটি পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকার সড়ক। ঘটনার পর চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সড়কের বড় একটি অংশ মাটি ও পাথরের বিশাল স্তূপে চাপা পড়ে গেছে। এতে আশপাশের যোগাযোগও ব্যাহত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভূমিধসের পর পর ধূলোবালির মেঘে ঢেকে গিয়েছিল ওই এলাকা। সেই মেঘের ভেতর আতঙ্কিত অবস্থায় চিৎকার-ছোটাছুটি করছিলেন লোকজন। সেই ফুটেজও প্রকাশ করেছে সিসিটিভি।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে একজন স্থানীয় কর্মকর্তা জানান, যে এলাকায় ভূমিধসটি ঘটেছে সেটি ‘বিপজ্জনক’ খাড়া ভূখণ্ডের জন্য পরিচিত। তিনি আরও বলেন যে, খাড়া পাহাড়ের পাশ বরাবর এখনও ভূমিধসের ঝুঁকি রয়ে গেছে।

বিজ্ঞাপন

উদ্ধার তৎপরতা পরিচালনা এবং উপদ্রুত লোকজনকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য চীনের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫ কোটি ইউয়ান (৭৩ লাখ ৬০ হাজার ডলার) বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

এর আগে, চংকিংয়ের এ দুর্ঘটনার মাত্র দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের উত্তরপশ্চিমাঞ্চলের আরেকটি প্রদেশেও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল ১২ জনকে এবং প্রাণ হারিয়েছিলেন অন্তত ২১ জন।

সূত্র : এএফপি, গালফ নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD