স্বাধীনতা ঘোষণার মাঝেই হামলা, ৪৫ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অশান্ত বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি বহরে বড় ধরনের হামলার ঘটনায় অন্তত ৪৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রদেশের মাসতুং এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
যদিও পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। ফলে বিএলএর দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বিএলএ জানায়, নিরাপত্তা বাহিনীর মূল বহর, বহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বালুচ দাবি করেন, বিবৃতি প্রকাশের সময়ও তাদের যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলছিল। তার ভাষ্য, এ কারণে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ নামে বড় ধরনের একটি যৌথ অভিযান শুরু করেছে। এতে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিমানবাহিনী অংশ নিচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি মীর ইয়ার বালুচ নামে এক ব্যক্তি এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, বেলুচিস্তান ইতোমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে এবং প্রদেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তবে পাকিস্তান সরকার এ দাবি প্রত্যাখ্যান করেছে এবং এর সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
বিজ্ঞাপন
ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর গুরুত্বপূর্ণ প্রকল্প গওয়াদর গভীর সমুদ্রবন্দরও এ প্রদেশে অবস্থিত। ফলে অঞ্চলটির নিরাপত্তা নিয়ে ইসলামাবাদ ও বেইজিংয়ের উদ্বেগ আরও বেড়েছে।
চলতি মাসের শুরু থেকেই বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে বিএলএ, আর কয়েকটির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত থাকার দাবি করা হয়েছে।








