Logo

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৬, ১৯:২৩
রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, প্রজ্ঞাপন জারি
হাফিজ উদ্দিন আহমদ | ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) জারি করা ওই প্রজ্ঞাপন শনিবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে, সংবিধানের বিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ নির্দেশ জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুসারে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার প্রথম দাপ্তরিক কর্মসূচিও নির্ধারণ করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল সাড়ে ১১টায় হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। ততদিন পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD