জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (২৬ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।
বিজ্ঞাপন
সকাল ১১টা ৪০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অনুযায়ী তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের আয়োজন সম্পন্ন হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুষ্পস্তবক অর্পণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন।
জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শেষ করে হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর শেরেবাংলা নগরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে অংশ নেবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হওয়ার পর বঙ্গভবনে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার নিয়মিত দাফতরিক কার্যক্রম শুরু করবেন। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম পূর্ণাঙ্গ প্রশাসনিক কর্মদিবস।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় এই কর্মসূচিগুলোর মাধ্যমে নতুন দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ব্যক্তিত্বদের স্মরণ করে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।








