সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে বিশেষ সাংবিধানিক সুরক্ষা বা ইমিউনিটি ভোগ করেন। ফলে ফৌজদারি অপরাধসহ অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করেই দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবিধানিক বিধান মেনেছেন এবং সরকারও তার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছে। তাই তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো সরকার গুরুত্ব দিয়ে দেখছে না বলে জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেগুলো তিনি পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্রে প্রয়োজনীয় কারণ উল্লেখ করা হয়েছে। সংবিধান রাষ্ট্রপতিকে পদত্যাগের সুযোগ দিয়েছে এবং স্পিকারও সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি আইনগত বিধান অনুসারেই সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক পরিবেশে যে কেউ রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারেন। কেউ রাষ্ট্রপতির সমালোচনা বা প্রতিবাদ করলে সেটি তার মতপ্রকাশের স্বাধীনতার অংশ। তবে এসব বক্তব্যের মধ্যে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি।
বিরোধী দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অভিযোগ উত্থাপন করতেই পারে। কিন্তু এসব অভিযোগের পক্ষে এমন কোনো উপাদান সরকার দেখেনি, যা নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় স্বৈরশাসনের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের আমলেও মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী তিনি বিশেষ সাংবিধানিক সুরক্ষা ভোগ করেন এবং সেই কারণেই তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি বা অন্য কোনো মামলা করা যায় না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এদিকে, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি শুধু সংবাদমাধ্যমে দেখেছেন। এ ধরনের প্রতিবেদন প্রকাশকারী গণমাধ্যমের কাছে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে, সেটি তাদের কাছেই জানতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, সরকারের কাছে এমন কোনো তথ্য নেই যা অভিযোগটি নিশ্চিত করে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না। ইন্টারনেট ও আধুনিক যোগাযোগব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যোগাযোগ করা সম্ভব।
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি অতীতে কোনো অভিযোগ থেকে থাকে, সেটি সেই সময়কার আইনগত বিষয়। প্রয়োজনে তা প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি হবে। তবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়কার সাংবিধানিক সুরক্ষা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও তিনি উল্লেখ করেন।








