Logo

শিকদার মেডিকেলে দেশীয় অস্ত্রসহ চোরচক্রের ৩ সদস্য আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৭:০৮
শিকদার মেডিকেলে দেশীয় অস্ত্রসহ চোরচক্রের ৩ সদস্য আটক
ছবি: সংগৃহীত

ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তৎপরতায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ৫ থেকে ৬ সদস্যের একটি চোরচক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল তাদের ধাওয়া করলে চক্রের সদস্যরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

কিছু সময় পর একই চক্র আবার হাসপাতালে ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তবে আনসার সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্যাম্পে থাকা অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানের একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্র (চাপাতি)সহ চোরচক্রের তিন সদস্য—মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)-কে হাতেনাতে আটক করা হয়। তবে তাদের সহযোগী কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকদের কাছ থেকে উদ্ধার করা চাপাতিটি জব্দ করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই, দালালচক্র এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা সতর্কতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD