ঢামেকের নতুন ভবনের ৮ তলা থেকে তরুণীর লাফ

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে নিচে পড়ে রিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে নতুন ভবনের অষ্টম তলা থেকে রিয়া নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলেও সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, রিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ঘটনার সময় তিনি কীভাবে ভবনের ওপরে থেকে নিচে পড়লেন, তা নিয়ে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।
রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুর ডাঙ্গি এলাকায়। তিনি বলেন, মেয়ের মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল। ভোরের দিকে সবার অজান্তে সে ভবনের ওপর থেকে নিচে পড়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।
বিজ্ঞাপন
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পর পরিবারের সিদ্ধান্তে মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। পরে স্বামী দেশে এসে আবার বিদেশে ফিরে গেলে রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে ঢামেকে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।








