জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার করবে সরকার: মাহদী আমিন

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে প্রত্যাশা ও আবেগ রয়েছে, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার কথা তুলে ধরেন তিনি, যেখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং নাগরিকদের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না।
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, এই আদর্শ বাস্তবায়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এজন্য সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলে দেশ পুনর্গঠনের আহ্বান জানান।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রসঙ্গ উল্লেখ করে মাহদী আমিন বলেন, অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। অনেক আহত ব্যক্তি এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি সহায়তায় সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, মানবিক এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট ও শাসনব্যবস্থার নানা প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। তা সত্ত্বেও শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বক্তব্যে মাহদী আমিন উল্লেখ করেন, তিনি সরকারের পাশাপাশি বিএনপির প্রতিনিধিত্বও করছেন। তাঁর দাবি, জুলাই গণঅভ্যুত্থান এবং এর আগের আন্দোলন-সংগ্রামে দলটির চার শতাধিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়া বহু নেতা-কর্মী গুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বার্থকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠাই তাঁদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তি ও নাগরিককে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে সম্মেলনে উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন। মাহদী আমিন বক্তব্য দিতে মঞ্চে উঠলে তারা একযোগে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন।
বিজ্ঞাপন
তারা সরকারের কাছে দ্রুত এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের পুরো সময়জুড়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, আহতদের পুনর্বাসন এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।








