Logo

বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১৬:১৬
বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের পাশাপাশি আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ঢাকা সফররত দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা বিষয় গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যাওয়াই এ সফরের মূল উদ্দেশ্য। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি সৌদি আরবের আস্থার বিষয়টিও বৈঠকে উঠে এসেছে এবং দুই দেশের মধ্যে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, সৌদি আরব বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহী। বিশেষ করে মৎস্য, খাদ্যশিল্প, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের মধ্যেই দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ সভা (পলিটিক্যাল কনসালটেশন) এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি প্রতিনিধিদল ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে এবং আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও তারা প্রত্যাশা প্রকাশ করেছে।

জনশক্তি রপ্তানির প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সৌদি আরব বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দক্ষ কর্মী পাঠানোর সুযোগ আরও সম্প্রসারণে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। শামা ওবায়েদ বলেন, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। সুবিধাজনক সময়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ সফর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্টসংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি বৈঠকের মূল আলোচ্য ছিল না। তবে এ ধরনের সমস্যা সমাধানে জেদ্দা ও রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, সৌদি আরব কেবল একটি নির্দিষ্ট খাতে নয়, বরং বহুমুখী ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। এ কারণে ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD