Logo

নৈতিক জাতি গঠনে আধুনিক-ইসলামিক শিক্ষার সমন্বয় জরুরি: সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ২০:০৪
নৈতিক জাতি গঠনে আধুনিক-ইসলামিক শিক্ষার সমন্বয় জরুরি: সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

আধুনিক শিক্ষা ও ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে নৈতিক, দক্ষ ও মানবিক জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় আধুনিক জ্ঞান এবং নৈতিক মূল্যবোধের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা দূর করতে সমন্বিত শিক্ষার বিকল্প নেই।

সোমবার সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আজকের শিক্ষাব্যবস্থাকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে আগামী তিন দশক পর একটি আদর্শ, সুস্থ ও দায়িত্বশীল জাতি পাওয়া সম্ভব। তাঁর মতে, আধুনিক শিক্ষাব্যবস্থায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে, আবার ইসলামিক শিক্ষায় অনেক ক্ষেত্রে আধুনিক জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতার অভাব দেখা যায়। ফলে এক ধরনের শিক্ষায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের অনেকেই সমাজে প্রত্যাশিত অবদান রাখতে পারেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও বলেন, নতুন প্রতিষ্ঠানের লক্ষ্য হলো এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে আধুনিক শিক্ষা ও ইসলামিক মূল্যবোধ পাশাপাশি বিকশিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলিও অর্জন করতে পারবে।

বিজ্ঞাপন

জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে। সময়ের চাহিদা বিবেচনায় আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় ঘটানোর উদ্দেশ্যেই এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। নতুন এই প্রতিষ্ঠানও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেনাবাহিনীর পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখে সন্তানদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের ধন্যবাদ জানান সেনাপ্রধান। তিনি বলেন, বর্তমানে ৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও ধাপে ধাপে প্রতিষ্ঠানটির পরিধি বাড়ানো হবে। ভবিষ্যতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষা সমন্বয় করে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হবে, যেখানে শিক্ষার্থীরা একদিকে আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জন করবে, অন্যদিকে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD