মোহাম্মদপুরে এখন কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই: র্যাব

রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী কর্মকাণ্ডমুক্ত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটির দাবি, ধারাবাহিক অভিযানের মাধ্যমে কিশোর গ্যাংগুলোকে নির্মূল করা হয়েছে। বর্তমানে মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযানে মূলত গডফাদারদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিচের সারির সদস্য বা ছোটখাটো গ্রুপের বিরুদ্ধে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হচ্ছে। গডফাদারদের গ্রেপ্তারের ফলে মোহাম্মদপুরের পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল হয়েছে।
নয়মুল হাসান বলেন, ভবিষ্যতে মোহাম্মদপুর আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নগরীর এই এলাকাকে ‘সিটি অব গডস’ হিসেবে যে ধারণা তৈরি হয়েছে, সেটি মূলত একটি প্রচারণা বা ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেই ধারণা থেকে মোহাম্মদপুরকে বের করে আনার চেষ্টা চলছে এবং এতে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
র্যাব-২-এর অধিনায়ক বলেন, মোহাম্মদপুরকে বখাটে ও সন্ত্রাসমুক্ত করার যে অভিযান চলছে, একইভাবে পুরো রাজধানীকে নিরাপদ ও অপরাধমুক্ত করার লক্ষ্যেও কাজ করছে র্যাব।
বিজ্ঞাপন
অ্যালেক্স ইমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে নয়মুল হাসান বলেন, তদন্তে সহযোগিতার ক্ষেত্রে গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসামিদের গ্রেপ্তারের পর তদন্ত কর্মকর্তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও নেওয়া হয়। এসব প্রক্রিয়ার মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসে।
তিনি বলেন, যেহেতু র্যাব সরাসরি ওই মামলার তদন্ত করছে না, তাই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য থানা পুলিশের কাছ থেকেই পাওয়া যাবে।








