ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

ঢাকার পশ্চিমাঞ্চলের প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের যানজট কমাতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড (সিআরসিসি)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সেতু বিভাগের সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে সিআরসিসির চেয়ারম্যান উ ইয়ানকুন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জিটুজি ভিত্তিতে বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি সাভার, আশুলিয়া ও ঢাকা-ইপিজেড এলাকার যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে। এর ফলে পণ্য পরিবহন ও যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিআরসিসির চেয়ারম্যান উ ইয়ানকুন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি আন্তর্জাতিক মানের প্রকৌশল প্রযুক্তি ব্যবহার, দক্ষ জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রীর সরবরাহ বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে নির্মাণকাজ চলাকালে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টিও গুরুত্ব পায়। এ জন্য পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা, প্রয়োজনীয় সাইনবোর্ড এবং উন্নত নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রকল্পের নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।








