Logo

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, রাতে শপথ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১৪:২৪
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, রাতে শপথ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ানো হবে। একই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, নতুন চার সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে। এর মধ্যে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ পুরো অনুষ্ঠান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আমন্ত্রণপত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর শপথ অনুষ্ঠান শুরু হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

ভোটে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ফল ঘোষণা করেন। পরে রাতে এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। দীর্ঘ ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD