রাতারাতি আইনশৃঙ্খলায় পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত এমন কোনো অপরাধের ঘটনা নেই, যার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে বা আইনের আওতায় আনতে পারেনি।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে যে পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, সেটির সঙ্গে জনগণের উচ্চ প্রত্যাশার বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। তার মতে, একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং তাদের জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে নিতে হচ্ছে।
সরকারের গত ছয় মাসের কার্যক্রম তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি আলোচিত অপরাধের ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রংপুরের একটি ঘটনা, রামিসা হত্যা এবং জাতীয়ভাবে আলোচিত অন্যান্য অপরাধের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার ক্ষেত্রেও সহযোগিতা করা হয়েছে। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ অন্যান্য বাহিনীর মনোবল ভঙ্গুর অবস্থায় ছিল। গত ছয় মাসে তাদের অবস্থার উন্নতি হয়েছে এবং সদস্যদের মনোবলও ফিরে এসেছে। এখন তারা অপরাধ দমনে আরও সক্রিয়ভাবে কাজ করছেন বলে দাবি করেন তিনি।
পুলিশকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের পুলিশ বাহিনী জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত হবে।
বিজ্ঞাপন
তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনগত কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ চলছে। পাশাপাশি বাহিনীগুলোর জবাবদিহিতা ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার, সনদ ও পদক দেওয়ার ব্যবস্থাও চালু রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না।’ তিনি আশা প্রকাশ করেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে নেওয়া সম্ভব হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীগুলো আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।








