হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটিতে গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক এবং ডাইনিং স্পেস ঘুরে দেখেন।
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি থানায় কর্মরত সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কর্মপরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিদর্শনের একপর্যায়ে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি বা অভিযোগ দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। অভিযোগগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা দেওয়া। প্রতিটি থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিকরা যাতে কোনো ধরনের ভয় বা মাধ্যম ছাড়াই থানায় এসে নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বিজ্ঞাপন
পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








