Logo

এবার দিনদুপুরে ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, আটক ৩

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৬, ১৫:৫৬
এবার দিনদুপুরে ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, আটক ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরও দুজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক ব্যক্তির নাম তানভীর আবেদীন জুয়েল (৪১)। তবে অপর দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে যৌথ অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছিল।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, একজন ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছিনতাইকারীরা পালানোর সময় ভুক্তভোগী তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে ৯৯৯ থেকে দ্রুত ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। এরপর পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলকারী ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

বিজ্ঞাপন

পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে।

পুলিশ জানায়, জুয়েলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানার একাধিক দল এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করা হয়।

ছিনতাইয়ের ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং লুট হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD