স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ভোটার রয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
বিজ্ঞাপন
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন সচিব জানিয়েছিলেন, হালনাগাদ প্রক্রিয়ায় ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। ওই সময় মোট ভোটার ছিল ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। নির্বাচন পেছালে নতুন ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর কথাও জানানো হয়েছিল। সেক্ষেত্রে তাদের সম্পূরক ভোটার তালিকায় যুক্ত করা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ দেওয়া হয়। এ জন্য যথাক্রমে ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮-এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়। এরপর ২৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো তালিকায় যুক্ত করে সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।
বিজ্ঞাপন
ইসি জানিয়েছে, আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোটগ্রহণ শুরুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।








