অল্প লোক নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ফজরের পর মিছিল করে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে এবং সেসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালায়। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করার পাশাপাশি ভিডিও ধারণ করে তা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়। এসব মিছিলের কিছু দৃশ্যমানও হয়েছে বলে জানান তিনি।
গুলশানে একটি মিছিলের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, দিনের বেলা প্রায় ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নাই। আমরা পরবর্তীতে ব্যবস্থা নিয়েছি, সেটা আপনারা জানেন।”
এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন যে সম্ভাব্য সূচি প্রকাশ করেছে, সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ সচিবদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভার মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ততদিন পর্যন্ত অপেক্ষা করার আহ্বানও জানান তিনি।








