Logo

উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞ চান স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০১
উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞ চান স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাতে বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, বিনিয়োগ এবং জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসের কূপ অনুসন্ধান এবং সার কারখানা স্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জার্মান পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে স্পিকার বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও অতীত রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে—এমন বক্তব্যও দেন তিনি।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কার্যকর করতে জার্মানির সহযোগিতার কথা জানান। বর্তমান সরকারের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সাক্ষাতে বাংলাদেশ-জার্মানি সংসদীয় কমিটি গঠন এবং মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়ানো এবং শিল্প খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানান স্পিকার। দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে জ্বালানি খাতের গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে জার্মানির কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বৈঠকে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD