Logo

নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৮
নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মানবপাচার প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি এ বিষয়ে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত ‘মানবপাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানবপাচার সবচেয়ে গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধগুলোর একটি। এ প্রক্রিয়ার মাধ্যমে ঠগ, অপরাধী ও মাফিয়ারা অর্থ উপার্জন করে। মানুষের জীবনের বিনিময়ে তারা বিপুল অর্থ আয় করে। সরকার এ পরিস্থিতির পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।

মানবপাচার প্রতিরোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, মানবপাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত করা হয়েছে, যাতে এর বিস্তৃত পরিসরে তা প্রয়োগ করা যায়। ২০২৬ সালের মানবপাচার আইনে এ ধরনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ১৮৮৭ সালের জুয়া আইন সংশোধন করে অনলাইন জুয়া, পাচার ও এ ধরনের অবৈধ কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। মানবপাচারের বিভিন্ন দিক মোকাবিলায় আরও কিছু আইন প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে মানবপাচারবিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে। এরপর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

মানবপাচার প্রতিরোধে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। তবে তাদের জনবল, অভিযোগকারীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা এবং উপযুক্ত প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

দেশে মানবপাচার আগের তুলনায় কমেছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশে বেকারত্বের সংকট রয়েছে। জীবিকার সন্ধানে মানুষকে বিদেশে যাওয়া থেকে আটকানো সম্ভব নয়।

ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে অনেকে পরে অবৈধ অভিবাসীতে পরিণত হন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিদেশগামী বাংলাদেশিদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

সবশেষে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কিছু ঘাটতি থাকতে পারে, তবে ভালো যেকোনো পরামর্শকে স্বাগত জানানো হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD