Logo

ভূমি অফিসে উপস্থিতি নজরদারিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫১
ভূমি অফিসে উপস্থিতি নজরদারিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন
ছবি: সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং কর্মঘণ্টার তথ্য ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অ্যাপটির উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় কার্যক্রম শুরু হয়েছে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

জিও-ফেন্সিংয়ে হবে উপস্থিতি যাচাই

‘ভূমি দৃষ্টি’ অ্যাপে নির্ধারিত অফিস এলাকার ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই কর্মকর্তা-কর্মচারীরা মোবাইলের মাধ্যমে ডিজিটাল হাজিরা দিতে পারবেন। অ্যাপটিতে দৈনিক উপস্থিতি, দেরিতে প্রবেশ এবং মোট কর্মঘণ্টার তথ্য সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মাঠপর্যায়ে অফিসের বাইরে দায়িত্ব পালন করলে ফিল্ড সাইট ভিজিট ও চলাচলের তথ্য ব্যবস্থাপনার সুবিধাও রাখা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অ্যাপটি কর্মী ব্যবস্থাপনা, উপস্থিতি পর্যবেক্ষণ এবং কাগজবিহীন দাপ্তরিক কার্যক্রমে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

প্রথম ধাপে ছয় জেলার ৬১০ অফিস

প্রাথমিক পর্যায়ে ছয় জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এই ব্যবস্থার আওতায় আনার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরবর্তীতে এর আওতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা ধীরে ধীরে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। স্বচ্ছতা, দক্ষতা ও সততার মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

অনলাইন ভূমিসেবায় সচেতনতার তাগিদ

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা ইতোমধ্যে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, খতিয়ান পাওয়া এবং বিভিন্ন ধরনের ভূমিসেবা নেওয়ার সুযোগ রয়েছে। কয়েকজন অসাধু কর্মকর্তার কর্মকাণ্ডের দায় যেন অন্যদের ওপর না পড়ে, সে বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘ভূমি দৃষ্টি’ অ্যাপটি শুধু উপস্থিতি যাচাই নয়, বরং কর্মঘণ্টা, ছুটি ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের দায়িত্ব পালনের তথ্য ডিজিটালভাবে ব্যবস্থাপনার একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবেও তৈরি করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD