Logo

৩১ জানুয়ারির মধ্যে সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০২
৩১ জানুয়ারির মধ্যে সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
ছবি: সংগৃহীত

দেশের সব জেলা পরিষদের ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো ও হাটবাজারে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এসব স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে জেলা পরিষদের সব প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক মূল ভবন এবং আওতাধীন ভবনে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

জেলা পরিষদের ক্ষেত্রে ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো ও হাটবাজারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। সৌরবিদ্যুৎ স্থাপনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব তহবিলের অর্থ ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়েছে, সৌরবিদ্যুতের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নেট মিটারিং পদ্ধতিতে সরবরাহ করতে হবে। ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়া যাবে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয়ও বাড়বে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব রাজস্ব ও এডিপির অর্থায়নে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর বাণিজ্যিক সম্প্রসারণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

অন্যদিকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়—এমন জেলা পরিষদগুলোকে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়েছে, উভয় ক্ষেত্রেই সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD