পর্যটন উন্নয়নে ১৯ হাজার কোটি টাকার ৬০ প্রকল্প প্রস্তাব

দেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়াতে প্রায় ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৬০টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে ‘বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা এবং এর বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন অংশীজন ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। এতে দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং উন্নয়নের বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, দেশের পর্যটন সম্ভাবনাকে বিস্তৃতভাবে চিহ্নিত করার উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট শনাক্ত করা হয়েছে। এর মধ্য থেকে অগ্রাধিকার বিবেচনায় প্রায় ১৯ হাজার কোটি টাকার ৬০টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে পর্যটন খাত থেকে জাতীয় অর্থনীতিতে ৮ থেকে ১০ শতাংশ অবদান রাখা সম্ভব হবে। পাশাপাশি এ খাতে বর্তমানে কর্মরত প্রায় ২৪ লাখ মানুষের সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, পর্যটন খাতের সম্প্রসারণের মাধ্যমে দেশে সার্কুলার ইকোনমির ভিত্তি তৈরি হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও সচল হতে পারে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন পর্যটন শিল্পের বিকাশে যোগাযোগব্যবস্থা, সড়ক, যানবাহন, বিমানবন্দর, নৌবন্দর ও আবাসনসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরি, ঐতিহ্যবাহী ও আঞ্চলিক খাবারের প্রসার এবং পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে দেশের পর্যটন শিল্প নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, মতবিনিময় সভায় অংশীজনদের কাছ থেকে পাওয়া সুপারিশ ও মতামতের ভিত্তিতে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে।








