এবার লঞ্চভাড়া বাড়ানোর দাবি মালিকদের

জ্বালানি তেলের দাম বাড়ার পর অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা। সংগঠনটি প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া ১ টাকা ৫০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নৌপরিবহন, রেলপথ ও সেতু বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে দেওয়া চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠিতে সংগঠনের প্রেসিডেন্ট গোলাম নবী আলমগীর স্বাক্ষর করেছেন।
প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে বর্তমানে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা। এর সঙ্গে ১ টাকা ৫০ পয়সা যোগ করে ৪ টাকা ৪৫ পয়সা করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে বর্তমান ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে প্রতি কিলোমিটারে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন।
চিঠিতে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ ডিজেলের দাম প্রায় ১৮ শতাংশ বেড়েছে। অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনে ব্যবহৃত লঞ্চগুলো ডিজেল ও মবিলচালিত হওয়ায় এতে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি মালিকদের।
বিজ্ঞাপন
লঞ্চ মালিকরা আরও জানান, এরই মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিভিন্ন ফি ও চার্জ বাড়িয়েছে। এর মধ্যে কনজারভেন্সি চার্জ ৩০ শতাংশ, রুট পারমিট ফি ৫০ শতাংশ এবং বার্দিং চার্জ ১১৪ শতাংশ বাড়ানো হয়েছে। নৌযানের রুট পারমিটের আবেদন ফিও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া বিশেষ অনুমতি ফি, স্থগিত রুট পারমিট পুনর্বহাল চার্জ এবং মালিকানা, নাম বা রেজিস্ট্রেশন পরিবর্তনের ক্ষেত্রেও নতুন করে বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে বলে দাবি সংগঠনটির।
চিঠিতে আরও বলা হয়, শ্রমিকদের মজুরি, ডিজি শিপিংয়ের সার্ভে ও রেজিস্ট্রেশন ফি, নাম পরিবর্তন ফি এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর ও ভ্যাটসহ বিভিন্ন ব্যয় বেড়েছে।
বিজ্ঞাপন
লঞ্চ নির্মাণ ও পরিচালনায় ব্যবহৃত প্লেট, অ্যাঙ্গেল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড, গ্যাস, রং ও স্পেয়ার পার্টসের দাম এবং ডকিংসহ অন্যান্য খরচ কোনো কোনো ক্ষেত্রে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
লঞ্চ মালিকদের দাবি, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে যাত্রীরা আগের তুলনায় সড়কপথে বেশি চলাচল করছেন। ফলে অনেক সময় লঞ্চের ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পাওয়া যাচ্ছে না। এতে আয় কমে গিয়ে মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
ব্যবসা টিকিয়ে রাখতে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ৪ টাকা ৪৫ পয়সা, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ৪ টাকা ২ পয়সা এবং যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
তাদের দাবি বাস্তবায়ন না হলে বর্ধিত ডিজেলের দাম প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সরকার আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোল ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।








