পুলিশ সাথে ১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন

সংযোগ ও ডিজিটাল সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের কার্যক্রমে সহায়তা দিতে ১০ বছরের কৌশলগত অংশীদারত্ব করেছে দেশের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
বিজ্ঞাপন
চুক্তির আওতায় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল মোবাইল নম্বর সিরিজ ০১৩২০০০০০০০ থেকে ০১৩২০২৯৯৯৯৯ এবং বিভিন্ন অফিসিয়াল ও সল্যুশনভিত্তিক নম্বরের জন্য প্রয়োজনীয় সংযোগসেবা দেবে গ্রামীণফোন।
পাশাপাশি অনলাইন জিডি ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে সংযোগ এবং সংশ্লিষ্ট সহায়তাও দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সম্প্রতি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে চুক্তিতে সই করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিজনেস হেলাল উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘দেশজুড়ে জনগণের সেবা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পুলিশ। আমাদের কাজ ও জনগণকে সেবা দেওয়ার ধরন যেভাবে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সেভাবে নির্ভরযোগ্য সংযোগ ও প্রযুক্তিও দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গ্রামীণফোনের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের যোগাযোগ ও ডিজিটাল সেবার চাহিদা মেটাতে সহায়ক হবে। আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক পুলিশিং জোরদার করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছি আমরা।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘এই পার্টনারশিপের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো বাংলাদেশ পুলিশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ এবং প্রয়োজনীয় ডিজিটাল সক্ষমতা দিয়ে তাদের সহায়তা করা। এই চুক্তিটি ভবিষ্যতে উদীয়মান প্রযুক্তিগুলোকে কীভাবে আরও সুসংহত ও দক্ষ পরিচালনায় কাজে লাগানো যায় তা বোঝার সুযোগ তৈরি করে দেবে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি যখন দায়িত্বশীলভাবে এবং নির্দিষ্ট উদ্দেশ্যে কাজে লাগানো হয় তখন তা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। আমাদের সক্ষমতা দিয়ে একটি নিরাপদ ও আরও স্মার্ট আগামী গড়তে অবদান রাখার প্রত্যাশায় রয়েছি আমরা।’
গ্রামীণফোন জানিয়েছে, দীর্ঘমেয়াদি এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের যোগাযোগ অবকাঠামো ও ডিজিটাল সেবার প্রয়োজন মেটাতে সংযোগ এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।








