Logo

ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫২
ব্লু  ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও অবকাঠামোর সম্ভাবনাকে কাজে লাগিয়ে বৈশ্বিক অর্থনীতিতে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দেশের মেরিনাররা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে কাজ করছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জুলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব সামুদ্রিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত যৌথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের মেরিনারদের বিদেশে চাকরির ক্ষেত্রে ভিসাসংক্রান্ত কিছু জটিলতা তৈরি হচ্ছে। বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং দ্রুত সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। এসব প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্ব বাণিজ্যে সমুদ্রপথের গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বিশ্বের বিপুলসংখ্যক মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্য সমুদ্রগামী নাবিকদের কাজের ওপর নির্ভরশীল। প্রায় ১৮ থেকে ২০ লাখ সমুদ্রগামী মানুষের প্রচেষ্টায় বিশ্বের প্রায় ৯০ শতাংশ বাণিজ্য পরিচালিত হয় উল্লেখ করে তিনি এ খাতে সরকারি-বেসরকারি বিনিয়োগ ও নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু সমুদ্রগামী নাবিক তৈরি করলেই বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। টেকসই ব্লু ইকোনমি গড়ে তুলতে জাহাজ পরিচালনা, বন্দর ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ ও মেরামত, শিপ রিসাইক্লিং, সামুদ্রিক বিমা এবং তীরভিত্তিক বিভিন্ন সেবা খাতের সক্ষমতা বাড়াতে হবে।

বিজ্ঞাপন

এবারের বিশ্ব সামুদ্রিক দিবসের প্রতিপাদ্য ‘নীতি থেকে বাস্তবায়ন: সামুদ্রিক উৎকর্ষের পথে এগিয়ে যাওয়া’। আন্তর্জাতিক সামুদ্রিক নীতি ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, দক্ষ ও পরিবেশবান্ধব সামুদ্রিক খাত গড়ে তোলার বিষয়টি এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্ণফুলী নদীর মোহনায় জুলদিয়ায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি ছয় দশকের বেশি সময় ধরে সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আসছে। একাডেমির তথ্য অনুযায়ী, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া পাঁচ হাজারের বেশি মেরিনার দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজে কর্মরত রয়েছেন এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সে অবদান রাখছেন।

বর্তমানে একাডেমির ১২৫ জনের বেশি প্রশিক্ষিত নারী মেরিনারও বিভিন্ন দায়িত্বে কাজ করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম বলেন, নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সামুদ্রিক সম্ভাবনার সঠিক ব্যবহারের মাধ্যমেই বঙ্গোপসাগরের সম্পদ ও সুযোগ বাংলাদেশের অর্থনীতিতে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD