খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুলের মৃত্যু

খেলার মাঠে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে হাঁটু গেড়ে বসার সময় তিনি মাঠে পড়ে যান।
পরে মাঠে থাকা অন্যরা তাকে ঘিরে ধরে প্রাথমিকভাবে সহায়তার চেষ্টা করেন। তাকে পানি দেওয়ার পাশাপাশি বুকে চাপ দেওয়ারও চেষ্টা করা হয়। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী এ শোক জানান।
বিজ্ঞাপন
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
ড. আবদুল মঈন খান বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় মরহুমের পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মন্ত্রী।
বিজ্ঞাপন
জানা গেছে, মোহাম্মদ আশরাফুল আফসার বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।








