জাতিসংঘ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরাও দেশে ফেরেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল জাতিসংঘের সাধারণ বিতর্কে তাঁর প্রথম অংশগ্রহণ। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলায় দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভাষণে বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন, জলবায়ু ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, নারী ও শিশু, শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান-প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিনের শাসন-শোষণের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। দেশ পুনর্গঠনে সরকার Recovery, Restoration এবং Reconstruction—এই ‘3-R’ কৌশল অনুসরণের কথা তুলে ধরে তিনি বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার কথাও জানান।
বিজ্ঞাপন
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরকালে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং অন্যান্য আন্তর্জাতিক ও উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের আলোচনাতেও অংশ নেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে তাঁর কর্মসূচির মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন সাইড ইভেন্টে অংশগ্রহণও ছিল।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ডা. জুবাইদা রহমানও নিউইয়র্কে বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। নারী নেতৃত্ব, পরিবার ও শিশু এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন ও অংশগ্রহণ করেন।
পাঁচ দিনের সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়েন প্রধানমন্ত্রী। এরপর দুবাই হয়ে রবিবার সকালে ঢাকায় ফেরেন তিনি।








