Logo

থানায় না গিয়েও মিলছে পুলিশি সেবা, ঘরে বসেই করা যাচ্ছে জিডি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৬
থানায় না গিয়েও মিলছে পুলিশি সেবা, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
ছবি : এআই দিয়ে তৈরি

থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি এখন ঘরে বসেই অনলাইনে জিডি করার সুযোগ পাচ্ছেন দেশের নাগরিকরা। মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ দাখিলের পাশাপাশি আবেদনের অগ্রগতি দেখা, তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ এবং জিডির ডিজিটাল কপি সংগ্রহ করা যাচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে অনলাইন জিডি সেবা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায় এ সুবিধা সম্প্রসারণ করা হয়। এর ফলে দেশের সব থানায় অনলাইন জিডি সেবার আওতা তৈরি হয়েছে।

অনলাইন ব্যবস্থার কারণে জিডি করতে নাগরিকদের থানায় গিয়ে অপেক্ষা করার প্রয়োজন হচ্ছে না। বিশেষ করে হারানো কাগজপত্র, পরিচয়পত্র, মোবাইল ফোন বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের বিষয়ে দ্রুত জিডি করার ক্ষেত্রে এই সেবা ব্যবহার করা যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা মাহিরা নূর জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ হারিয়ে যাওয়ার পর তিনি মোবাইল অ্যাপ ব্যবহার করে বাসা থেকেই জিডি করেন। এতে তাকে থানায় যেতে হয়নি এবং অতিরিক্ত যাতায়াত খরচও হয়নি।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হারুন অর রশিদও অনলাইন জিডির সুবিধার কথা জানিয়েছেন। তার মানিব্যাগ হারিয়ে যাওয়ার পর ক্রেডিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজে জিডির প্রয়োজন হয়। তিনি অফিসে বসেই কয়েক মিনিটের মধ্যে অনলাইনে জিডি করেন এবং পরে আবেদনের অগ্রগতি ও জিডির কপি অনলাইন থেকেই সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

এডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান বলেন, অনলাইন জিডি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে ২৪ ঘণ্টাই পুলিশের কাছে অভিযোগ পাঠানো যায়। হারানো বা প্রাপ্তিসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ধরনের অভিযোগ এ ব্যবস্থায় দাখিল করা সম্ভব। এতে নাগরিকদের সময় ও যাতায়াতের খরচ কমার পাশাপাশি পুলিশি সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন জানান, ডিএমপির ৫০টি থানায় সরাসরি জিডি নেওয়ার পাশাপাশি অনলাইনেও একই সেবা দেওয়া হচ্ছে। কর্মব্যস্ততা ও যাতায়াতের ভোগান্তি বিবেচনায় নাগরিকরা বাসা বা অফিস থেকেই মোবাইল অ্যাপের মাধ্যমে জিডি করতে পারছেন।

যেভাবে অনলাইন জিডি করবেন

বিজ্ঞাপন

অনলাইন জিডি করতে জাতীয় পরিচয়পত্র নম্বর, সচল মোবাইল নম্বর এবং লাইভ ছবি প্রয়োজন হয়। প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। পরিচয় যাচাইয়ের জন্য মোবাইলে পাঠানো ওটিপি দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অ্যাপে প্রবেশের পর অভিযোগের ধরন, সংশ্লিষ্ট জেলা ও থানা নির্বাচন করতে হবে। এরপর ঘটনার স্থান, সময় এবং বিস্তারিত বিবরণ দিতে হবে। প্রয়োজন হলে অভিযোগের সঙ্গে ছবি বা সংশ্লিষ্ট নথির স্ক্যান কপিও যুক্ত করা যাবে।

আবেদন জমা দেওয়ার পর ব্যবহারকারী নিজের অ্যাকাউন্ট থেকেই জিডির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল মাধ্যমে যোগাযোগের সুযোগও রয়েছে। প্রক্রিয়া শেষ হলে জিডির সার্টিফাইড ডিজিটাল কপি ডাউনলোড করে সংরক্ষণ ও প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD